‘সীমাবদ্ধতা সত্ত্বেও সর্বোত্তম সেবা দিতে চায় নিউইয়র্ক কনস্যুলেট’

নিউইয়র্কে বাংলাদেশের নবনিযুক্ত কনসাল জেনারেল মো. শামীম আহসান কনস্যুলেটের কার্যক্রম পরিচালনায় প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন, নানান সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সর্বোত্তম সেবা দিতে চায় নিউইয়র্ক কনস্যুলেট। তিনি এ ব্যাপারে নিউইয়র্কের বাংলা গণমাধ্যমেরও সহযোগিতা কামনা করেন। শুক্রবার ম্যানহাটনের কনস্যুলেট কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কনসাল জেনারেল ছাড়াও ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম এবং কনসাল ও হেড অব চ্যান্সেরি চৌধুরী সুলতানা পারভিন উপস্থিত ছিলেন। কনসাল জেনারেল জানান, বিপুলসংখ্যক বাংলাদেশি প্রতিদিন সেবা নিতে কনস্যুলেটে আসছেন। কিন্তু জনবল সঙ্কটের কারণে অনেক সময় তাদের কাঙ্ক্ষিত সেবা দেয়া যাচ্ছে না। সরকারের পক্ষ থেকে প্রবাসীদের সর্বোচ্চ সেবা দেয়ার নির্দেশনা রয়েছে। সে লক্ষ্যেই কাজ করছে নিউইয়র্ক কনস্যুলেট। এছাড়া কানেকটিকাট, নিউজার্সি এবং নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটি কার্যালয়ে ভ্রাম্যমাণ কার্যক্রমে বিপুলসংখ্যক বাংলাদেশি সেবা গ্রহণ করছেন।