চান্দিনা উচ্চ বিদ্যালয়ে মেঝেতে পাঠদান
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ১০ মে ২০১৪, ২২:০৩
চান্দিনা বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ২টি শ্রেণিকক্ষের মেঝেতে চলছে পাঠদান । এতে ছাত্র-ছাত্রীরা ঠিকমত লেখা-পড়া করতে পারছে না। নিচে বসার কারণে তাদের কষ্ট ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। এইচএসসি পরীক্ষার বেঞ্চ সংকট হওয়ায় চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যলয় কলেজ কেন্দ্রে ৩০ জোড়া বেঞ্চ নিয়ে যাওয়ায় ওই সমস্যা সৃষ্টি হয়। নীতিমালা ভঙ্গ করে কলেজ লেবেলের পরীক্ষার জন্য মাধ্যমিক বিদ্যালয় থেকে বেঞ্চ নেয়ায় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যলয় কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই কলেজের অধ্যক্ষ আবদুস সালাম জানান, আমাদের কেন্দ্রে ১ হাজার ৩ জন ছাত্র-ছাত্রী এইচএসসি পরীক্ষা দিচ্ছে। অন্য কলেজ থেকে বেঞ্চ আনার পরও বেঞ্চ সংকট হওয়ায় কিছু হাইস্কুল থেকে বেঞ্চ আনা হয়েছে। তবে, তাদের ভোগান্তির বিষয় আমাকে কেউ জানায়নি। খুব দ্রুত বেঞ্চগুলো ফেরত দেয়ার পদক্ষেপ নেব। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ বলেন- এ ব্যাপারে ইউএনও জানেন।