খুঁটি স্থাপনের ১৪ বছর পরও বিদ্যুত্ মেলেনি
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
প্রকাশ : ১০ মে ২০১৪, ২২:০৪
‘ঘুম ভেঙ্গে ঘর থেকে বাহির হলেই চোখের সামনে পড়ে বিদ্যুতের খুঁটি। বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা খুঁটিগুলো দেখছি ১৪ বছর ধরে। বিদ্যুত্ পাওয়ার কথা শুনে ঘরের ভিতরে ওয়ারিং করে রেখেছি। কিন্তু বিদ্যুতের আলো আজও জ্বলেনি’। কথাগুলো নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মোঃ জাকির হোসেনের (৩৮)।
কৃষি সমৃদ্ধ এলাকা হিসেবে খ্যাত নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার ২০০১ সালে মেঘনা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে চরাঞ্চলের ৫টি ইউনিয়নে বিদ্যুতের লাইন সরবরাহ করে। কিন্তু ১৪ বছরেও বিদ্যুতের সংযোগ লাইনের চালু হয়নি, ফলে বিদ্যুতের আলো থেকে বঞ্চিত হচ্ছে চরাঞ্চলের ৫টি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষ।
চরাঞ্চলের মানুষকে বিদ্যুত্ সুবিধা পৌঁছে দিতে ৬৭ পিডিএস প্রকল্পের আওতায় ২০০১ সালে ৩০ জুন ২ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পে তুলাতলী সাবস্টেশন থেকে মেঘনা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে চরাঞ্চলের ৫টি ইউনিয়ন নিলক্ষা, আমিরগঞ্জ, চরআড়ালিয়া, চরমধুয়া, বাঁশগাড়িতে ১১ হাজার কেভি বিদ্যুতের লাইন তৈরি করা হয়। কিন্তু এইচটি ও লেটারাল লাইনের প্রকল্প না থাকায় ১৪ বছরেও চরে বিদ্যুত্ পৌঁছানো সম্ভব হয়নি।
নরসিংদী পল্লী বিদ্যুত্ সমিতি-২, রায়পুরা জোনাল অফিসের ডিজিএম স্বদেশ কুমার পাল বলেন, চরাঞ্চলের বৈদ্যুতিক কার্যক্রম নির্মাণাধীন রয়েছে।