লালপুর হাসপাতালে ১৪ ডাক্তারসহ ৩৮ পদ শূন্য
প্রকাশ : ১০ মে ২০১৪, ২২:০৪
৮ বছরেও পূর্ণতা পায়নি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল)। ৫০ শয্যায় উন্নীত করার দীর্ঘ ৭বছর পর ১৭ এপ্রিল ৫০টি বেড পাতা হলেও ১৪ ডাক্তারসহ ৩৮টি পদ শূন্য।
ডাক্তারের অভাবে সিজারিয়ান অপারেশন হয় না, নরমাল ডেলিভারী রোগীর সংখ্যাও কমে গেছে। একজন ছাড়া সব ডাক্তারই থাকেন উপজেলার বাইরে। নতুন ভবনের ২য় তলার অধিকাংশ কক্ষ ব্যবহার হয় না। ভবনের অব্যবহূত অংশ ময়লায় ভর্তি। দেয়ালেও ফাটল ধরেছে।
২০০৬ সালের অক্টোবর মাসে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করা হয়। কিন্তু চলতি মাসের ১৬ তারিখ পর্যন্ত হাসপাতালটিতে বেড ছিল মাত্র ২৮টি। ১৭ এপ্রিল পুরান ভবনেরই একাংশের ২টি কক্ষে বেড পেতে ৫০ বেড করা হয়েছে। মোট ২২জন ডাক্তারের পদের মধ্যে ৮জন ডাক্তার কর্মরত আছেন। এর মধ্যে বিশেষজ্ঞ চিকিত্সক রয়েছেন মাত্র ৩জন। গাইনি বিভাগে কোন কনসালটেন্ট না থাকায় ১বছরেরও বেশি সময় ধরে এখানে সিজারিয়ান অপারেশন হয় না। বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় নরমাল ডেলিভারী রোগীর সংখ্যাও কমে গেছে। নির্মাণ ত্রুটির কারণে মাত্র কয়েক বছর না যেতেই নতুন ভবনের দেয়ালের বিভিন্ন অংশে ফাটল ধরেছে। হাসপাতালের পরিসংখ্যানবিদ আমিনুল ইসলাম জানান, ডাক্তারসহ জনবল সংকটের কারণে চিকিত্সা সেবা ব্যাহত হচ্ছে।