শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে অতিথি বরণ

গতকাল শনিবার সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ে অতিথি বরণের জন্য রোদে দাঁড়িয়ে থাকতে হয় বিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক ছাত্র-ছাত্রীকে। সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১১টা ৩৫ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে রাখা হয় প্রধান অতিথি স্থানীয় সংসদ আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডলকে বরণ করার জন্য। পূর্ব প্রস্তুতি অনুযায়ী শনিবার বেলা ১১টায় এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে বিদ্যালয় চত্বরে একটি নতুন ভবন নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল দেরিতে আসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের মিয়া জানান, আমরা বাইরে নই, স্কুল চত্বরেই অতিথি বরণ করতে দু’পাশে লাইন করে ছাত্র-ছাত্রীদের দাঁড় করিয়ে রেখেছিলাম।