সুজানগরে পানির স্তর নেমে গেছে ৫ হাজার টিউবওয়েল বন্ধ

সুজানগর (পাবনা) সংবাদদাতা দীর্ঘদিন অনাবৃষ্টি এবং প্রচণ্ড খরার কারণে পাবনার সুজানগরে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে প্রায় ৫ হাজার টিউবওয়েল বন্ধ হয়ে গেছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানীয়জলের তীব্র সঙ্কট। খোঁজ নিয়ে জানা যায়, সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে প্রায় ৪০ হাজার হস্তচালিত গভীর টিউবওয়েল রয়েছে। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে ৩৬ হাজার এবং সরকারি পর্যায়ে ৪ হাজার টিউবওয়েল রয়েছে। প্রচণ্ড খরার কারণে ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক নিচে নেমে যাওয়ায় সরকারি এবং ব্যক্তি পর্যায়ে প্রায় ৫ হাজার টিউবওয়েল বন্ধ হয়ে গেছে। এতে ওই এলাকার হাজার হাজার পরিবার তীব্র পানি সঙ্কটে পড়েছেন। এদের মধ্যে সচ্ছল পরিবারের লোকজন অনেক টাকা খরচ করে সাব-মারসেবলের মাধ্যমে টিউবওয়েলে পানির ব্যবস্থা করলেও অসচ্ছল ব্যক্তিরা তীব্র পানির সঙ্কটে ভুগছেন। উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ বলেন, পানির স্তর ১৩৫/১৪০ ফুট নিচে নেমে যাওয়ায় প্রায় পাঁচ হাজার টিউবওয়েলে পানি উঠছে না।