কোম্পানীগঞ্জে সালিশদারকে পিটিয়ে হত্যা
প্রকাশ : ১০ মে ২০১৪, ২২:০৯
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীস্থ কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের গাছ কাটা নিয়ে গোলাম মাওলা সারেং নামে এক সালিশদারকে পিটিয়ে হত্যা করেছে অপর পক্ষ। আহতরা হলেন হারুন ও আবদু রব। আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিত্সার জন্য ভর্তি করা হয়েছে।
থানা ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকালে চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মনসুর আলী হাজী বাড়ির জসীম উদ্দিন ও নূরউদ্দিনের ওয়ারিশীয় সম্পত্তির উপর থাকা গাছ কাটা নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় বাড়ির সালিশদার মিজানুর রহমান ও গোলাম মাওলা সারেং উপস্থিত থাকিয়া গাছ কাটা নিয়ে এই দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিজানুর রহমান ও তার ছেলে মিঠু উত্তেজিত হয়ে গোলাম মাওলা সারেংয়ের তলপেটে আঘাত করলে সে অজ্ঞান হয়ে পড়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান।
কোম্পানীগঞ্জ থানার এস.আই রবিউল হক জানান, নিহতের ছেলে মো. শাহাব উদ্দিন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করে।