চরভদ্রাসনে বেপরোয়া পোনা মাছ শিকারিরা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বেপরোয়া হয়ে উঠেছে পোনা মাছ শিকারিরা। উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মত্স্য আইন অমান্য করে জাটকা, পাঙ্গাশের পোনা ও রিটাসহ বিভিন্ন প্রজাতির মূল্যবান দেশিয় মাছের পোনা শিকার করে দেশের মত্স্য সম্পদকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। প্রতি মাসে পদ্মা নদীতে ৪/৫ বার মোবাইল কোর্টের মাধ্যমে মত্স্য আইন অমান্যকারী জেলেদের জেল-জরিমানা করেও কোন লাভ হচ্ছে না। উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব হাসান শাহীন জানান, রাতে-দিনে যখনই সংবাদ আসে তখনই তাত্ক্ষণিক পদ্মা নদীতে অভিযান চালিয়ে জাটকা ধরার কারেন্ট জাল, পাতন জাল, বেড় জাল ও অবৈধ ভ্যাসাল বাঁধ অপসারণ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি জেলেদের মত্স্য সংরক্ষণ আইনে জেল-জরিমানা করা হচ্ছে। জানা যায়, চলতি মাসে নির্বাহী কর্মকর্তা পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের দেশিয় পাঙ্গাশের পোনা নদীতে অবমুক্ত করার পাশাপাশি প্রায় ২শ’ কেজি মরা মাছ উপজেলার বিভিন্ন মাদ্রাসায় দান করেন। উপজেলা মত্স্য কর্মকর্তা এম এম আজম আলী জানান, চলতি বছরের জানুয়ারি থেকে চলতি মাসের এ পর্যন্ত ২২ জেলেকে ৫শ’ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করার পাশাপাশি ৯ জেলেকে মত্স্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর ৩ ধারা মোতাবেক ১/৬ মাসের জেল দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা জেলেরা স্থানীয় একশ্রেণীর প্রভাবশালী দাদন ব্যবসায়ীদের ছত্রচ্ছায়ায় থেকে আইন অমান্য করে অমূল্য প্রজাতির পোনা মাছ শিকার করে দেশের মত্স্য সম্পদ ধ্বংস করে চলেছে।