প্রধানমন্ত্রী ভবন ছাড়ার তোড়জোড় মনমোহনের
প্রকাশ : ১০ মে ২০১৪, ২৩:২৯
জীবনের প্রায় এক দশক কেটেছে এখানে। কিন্তু চলতি লোকসভা নির্বাচন প্রায় শেষ। আর প্রধানমন্ত্রী হবার কোনো সম্ভাবনা নেই। তাই এতদিনের প্রিয় বাসস্থান ছেড়ে ৩ মতিলাল নেহরু মার্গে যেতে হবে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। বাড়ি ছাড়ার জন্য তাই শুরু হয়েছে তোড়জোড়। ৭ রসকোর্সে প্রধানমন্ত্রী ভবনে জিনিসপত্র গুছিয়ে নেওয়ার ব্যস্ততা তাই তুঙ্গে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা ব্যস্ত মনমোহনের ব্যক্তিগত জিনিসপত্র ছাড়াও বইপত্র গোছাতে। প্রধানমন্ত্রী হওয়ার পরেও অবসর সময় পড়াশোনায় ডুবে থাকতেন শিক্ষাবিদ মনমোহন। শুধু বই নয়, প্রধানমন্ত্রীকে যে সব উপহার দেওয়া হয়েছে, চলছে তার তালিকা তৈরীর কাজ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানান, ১০ বছর আগে কার্যালয়কে যে ভাবে পেয়েছিলেন মনমোহন, ঠিক সেই ভাবেই ছেড়ে যেতে চান পরবর্তী প্রধানমন্ত্রীর জন্য। দেশবিদেশ থেকে পাওয়া অনেক উপহার এত দিন শোভা পেত প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ওয়াল হ্যাঙ্গিং, পেইন্টিং, কারুকার্য করা ফুলদানি -সবই ছিল সেখানে। বিদায় বেলায় আলাদা আলাদা করে তালিকা করা হচ্ছে এ সব উপহার। সব উপহারের তালিকা প্রকাশ করা হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে।
এ প্রসঙ্গেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের উপহার দেওয়া একটা ব্যাটের কথা বললেন প্রধানমন্ত্রীর এক সহযোগী। মনমোহনকে উপহার দিয়ে ক্যামেরন বলেছিলেন, ‘আপনিও ক্ষমতায় থাকবেন না, আমিও না, কিন্তু আমাদের বন্ধুত্বের স্মারক হিসেবে এটি থাকবে।’ আরেক কর্মকর্তা জানান, শত শত বই উপহার পেয়েছেন প্রধানমন্ত্রী। কোন কোন বই তিনি সঙ্গে নিয়ে যেতে চান আর কোন কোন বই অফিসেই রেখে যেতে চান, তা ঠিক করতেই লিস্ট করা হচ্ছে বলে তিনি জানান। প্রধানমন্ত্রীর পরিবারের ব্যবহূত প্রয়োজনীয় সব জিনিসপত্রও গোছগাছ চলছে সমানতালে।