নারায়ণগঞ্জে পুলিশের বাধায় বিএনপির সমাবেশ পণ্ড

জেলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ের সামনে গতকাল শনিবার নগর বিএনপির আয়োজিত সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। সমাবেশে পুলিশ বাধা দেওয়ায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছে নগর বিএনপি নেতারা। পরে দলের কার্যালয়ে সংক্ষিপ্ত সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়। নগর বিএনপির সাধারণ সম্পাদক এটি এম কামাল জানান, নারায়ণগঞ্জে আইনজীবী চন্দন সরকার ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত খুনের ঘটনায় আগামী ১৪ মে নারায়ণগঞ্জ আসছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওইদিন জেলায় খালেদা জিয়ার একটি সমাবেশ করার কথা থাকলে প্রশাসন অনুমতি না দেওয়ার প্রতিবাদে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়। কিন্তু সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ দলীয় কার্যালয় ঘিরে রাখে। এ সময় তারা সমাবেশের মাইক ও ব্যানার নিয়ে যায়। সমাবেশে বাধা দেওয়ার পর জেলা বিএনপি কার্যালয়ের সামনে মহানগর বিএনপির নেতারা মুখে কালো কাপড় বেঁধে এই ঘটনার প্রতিবাদ জানান। এসময় এটিএম কামাল, নগর বিএনপির সহ-সভাপতি শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু প্রমুখ উপস্থিত ছিলেন।