সেই র্যাব সদস্যকে জিজ্ঞাসাবাদ

সেই র্যাব সদস্য মোস্তফা কামালকে জিজ্ঞাসাবাদ করেছে আলোচিত ৭ খুনের মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মামুনুর রশীদ মন্ডল। তবে জিজ্ঞাসাবাদে তেমন কোন তথ্য দিতে পারেননি মোস্তফা কামাল। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ঘটনার দিন ২৭ এপ্রিল আদালত চত্বরে নজরুলের লোকজন এক ব্যক্তিকে আটক করে। পরে ওই ব্যক্তিকে র্যাব-১১ সদস্য বলে সনাক্ত করেন পোশাক পরা র্যাব-১১ সদস্য মোস্তফা কামাল। মোস্তফা কামাল একটি মামলায় সাক্ষ্য দিতে আদালতে গিয়েছিলেন। তদন্তকারীরা মোস্তফা কামালের কাছে জানতে চান, ওই র্যাব সদস্য কে? কেনই তা তিনি তাকে ছাড়িয়ে নিলেন? জবাবে মোস্তফা কামাল বলেন, তিনি র্যাব-১১ এর ডাইনিং মেসে ওই ব্যক্তিকে দেখেছিলেন। তবে তার নাম তিনি জানেন না। আর ছাড়িয়ে নেয়ার কারণ হিসেবে তিনি বলেন, ওই ব্যক্তি নিজেকে র্যাব সদস্য বলেই পরিচয় দেন। তিনি নিজে যেহেতু র্যাব-১১ তে চাকরি করেন সেই কারণে তিনি ছাড়িয়ে নেন। এদিকে নূর হোসেনকে গ্রেফতার না করা পর্যন্ত মামলার তদন্ত খুব একটা এগোচ্ছে না বলে জানিয়েছে সূত্র।