রংপুরে ট্রাক চাপায় মা-বাবা-ছেলে নিহত

জেলায় ট্রাক চাপায় মা-বাবা-ছেলে নিহত হয়েছেন। নগরীর দর্শনা এলাকায় গতকাল শনিবার এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মা শাহানা বেগম, বাবা রওশনুজ্জামান ও ছেলে শুভ। এ ঘটনার পর ঘাতক ট্রাক দ্রুত পালিয়ে যায়। কোতয়ালী থানার ওসি কাদের জিলানী বলেন, ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার গানারপাড়া গ্রামের রওশনুজ্জামান মিয়া স্ত্রী শাহানা বেগম ও ছেলে শুভকে নিয়ে মোটরসাইকেলে করে রংপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছেলে শান্তকে দেখতে আসছিলেন। মোটরসাইকেলটি রংপুর-দিনাজপুর মহাসড়কের দর্শনা শুঁটকির আড়তের কাছে আসলে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রওশনুজ্জামান মিয়া ও শুভ নিহত হয়। গুরুতর আহত অবস্থায় শাহানা বেগমকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তিনি মারা যান বলে চিকিত্সকরা জানান। পুলিশ সূত্রে জানা যায়, রওশনুজ্জামানের ছেলে শান্ত রংপুর ক্যাডেট কলেজে ৮ম শ্রেণীতে লেখাপড়া করছে। ছেলেকে দেখতে খাবার নিয়ে আসছিলেন তারা। নিহত রওশনুজ্জামান মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার স্ত্রী শাহানা বেগম একই উপজেলার মোসলেম বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তাদের ছেলে শুভ তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।