ছাত্রলীগের চার নেতা-কর্মী বহিষ্কার

সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজের সঙ্গে যুক্ত থাকায় ছাত্রলীগের চারজন কর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গতকাল শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-ক্রীড়া সম্পাদক সৃজন ঘোষ সজীব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি অনুপম চন্দ্র, মহসিন হল শাখা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন, কর্মী হিমেল। গতকাল বহিষ্কৃত ৪ জন এবং ঘটনায় প্রধান আসামি আরফান পাটোয়ারি এবং ঢাকা কলেজের ছাত্র বাপ্পিকে আদালতে প্রেরণ করে পুলিশ। এদের মধ্যে আরফানকে তিনদিনের রিমান্ডে এবং বাকি পাঁচজনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। গত বৃহস্পতিবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের সামনে থেকে ব্যবসায়ী ফরহাদকে অপহরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে নিয়ে যাওয়া হয়। পরে তার পরিবারের কাছে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানান। পরে মুক্তিপণের টাকা দেয়ার নামে ফাঁদ পেতে বেলা আড়াইটার দিকে উল্লিখিত চারজনসহ সাতজনকে আটক এবং অপহূত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। সংশোধনী: গতকাল ইত্তেফাকে ‘মুক্তিপণ নেয়ার সময় ৫ ছাত্রলীগ নেতাসহ আটক ৭’ শিরোনামে প্রকাশিত সংবাদে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী আটক আসামিদের মধ্যে বাপ্পি নামের একজনের পরিচয় ছাত্রলীগের জসিম উদ্দিন হল শাখার সহ-সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়। এ ঘটনার সাথে তার সম্পৃক্ততা নেই বলে বাপ্পি দাবি করেছেন। আর সংবাদে উল্লেখিত বাপ্পি ঢাকা কলেজেন ছাত্র বলে জানা গেছে।