রাঙ্গামাটি জেলা (জেপি)’র আহ্বায়ক কমিটি গঠিত

বিএনপি গণজোয়ারে বিশ্বাস করে না, জনগণকে বিশ্বাস করে নাই। তারা শুধু কেয়ার টেকার সরকার বলতে বলতে ভোট বর্জন করে এখন জনবিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু রাজনীতি করলে জনগণকে বিশ্বাস করতে হবে। এদেশ আমাদের সকলের। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী বাঙালি বুঝি না। এখানে আমরা সবাই ভাই ভাই। শুক্রবার রাঙ্গামাটিতে জাতীয় পার্টি (জেপি)’র মতবিনিময় ও আহবায়ক কমিটি গঠনকল্পে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে জাতীয় পার্টির (জেপি)’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি অ. আ. ম. হায়দার আলী চৌধুরী উপরোক্ত বক্তব্য রাখেন। রাঙ্গামাটি জেলা পরিষদ রেস্ট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উদয়ন বড়ুয়া। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জেপি’র সাধারণ সম্পাদক ডা. বেলাল মৃধা, চট্টগ্রাম মহানগর জেপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট এম. বরকত উল্লাহ খান, ইত্তেফাক এর রাঙ্গামাটি প্রতিনিধি ও দৈনিক গিরিদর্পন সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব সংহতি সমিতির সহ-সভাপতি মোঃ সোহাগ তালুকদার। এছাড়া বক্তব্য রাখেন ক্য সুই মং মারমা, রেজাউল ইসলাম, সুলাল চৌধুরী, আলিমুদ্দিন মৃধা, জিন্নাত আলী তালুকদার, চট্টগ্রাম ছাত্রলীগ নেতা গাজী আক্কাস প্রমুখ। পরে উদয়ন বড়ুয়াকে আহবায়ক ও রেজাউল ইসলামকে সদস্য সচিব করে জাতীয় পার্টি (জেপি) রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার আহবায়ক কমিটি গঠিত হয়।