তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রকাশ কুমার দাস প্রভাষক, কমিপউটার শিক্ষা মোহাম্মদপুর প্রিপারেটরী গার্লস কলেজ, ঢাকা
প্রকাশ : ১১ মে ২০১৪, ২০:১২
প্রশ্ন-১। ডেটা ট্রান্সমিশন মোড কী? ডেটা প্রবাহের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ আলোচনা কর।
উত্তর: এক কম্পিউটার থেকে দূরবর্তী কোন কম্পিউটারে ডেটা ট্রান্সমিট করতে যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ডেটা ট্রান্সমিশন মোড বলে। অর্থাত্ ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে। ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন-
১.একমুখী প্রথা বা সিমপ্লেক্স মোড
২.অর্ধ দ্বি-মুখী প্রথা বা হাফ ডুপ্লেক্স মোড ও
৩.উভয়মুখী প্রথা বা ফুল ডুপ্লেক্স মোড।
নিচে এদের সম্পর্কে বর্ণনা দেওয়া হলো:
১. একমুখী প্রথা বা সিমপ্লেক্স মোড: সিমপ্লেক্স মোড পদ্ধতিতে ডেটা শুধু এক দিকে প্রেরণ করা যায়। অর্থাত্ প্রেরক কম্পিউটার প্রাপক কম্পিউটারে ডেটা প্রেরণ করতে পারবে কিন্তু প্রাপক কম্পিউটার কখনও প্রেরক কম্পিউটারে ডেটা প্রেরণ করতে পারবে না।
২. অর্ধ দ্বি-মুখী প্রথা বা হাফ ডুপ্লেক্স মোড: হাফ ডুপ্লেক্স পদ্ধতিতে উভয় দিক থেকে ডেটা আদান-প্রদানের ব্যবস্থা থাকে কিন্তু এক সাথে সম্ভব নয়। যেমন, A কম্পিউটার যখন ডেটা পাঠায় তখন B কম্পিউটার শুধুমাত্র ডেটা গ্রহণ করতে পারে। আবার, যখন B কম্পিউটার ডেটা পাঠাবে তখন A কম্পিউটার শুধু তা গ্রহণ করবে। উদাহরণ : ওয়াকিটকি।
৩. উভয়মুখী প্রথা বা ফুল ডুপ্লেক্স মোড: ফুল ডুপ্লেক্স পদ্ধতিতে ডেটা উভয় দিকে প্রেরণ করা যায়। অর্থাত্ প্রেরক ও প্রাপক উভয়ই এক সাথে ডেটা আদান-প্রদান করতে পারে। চিত্রে, A কম্পিউটার ও B কম্পিউটার এক সাথে ডেটা আদান-প্রদান করতে পারে। উদাহরণ : টেলিফোন, মোবাইল সিস্টেম।
প্রশ্ন-২। প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ আলোচনা কর।
উত্তর: প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়। যথা(
১. ইউনিকাস্ট মোড
২. ব্রডকাস্ট মোড ও
৩. মাল্টিকাস্ট মোড।
নিচে এদের সম্পর্কে বর্ণনা দেওয়া হলো:
১. ইউনিকাস্ট মোড: একটি প্রেরক থেকে শুধুমাত্র একটি প্রাপকই ডেটা গ্রহণ করতে পারে। অনেক প্রাপক এক সাথে ডেটা গ্রহণ করতে পারে না। নেটওয়ার্কের কোনো একটি নোড (কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোনো
যন্ত্রপাতি) থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে শুধুমাত্র একটি নোডই গ্রহণ করে। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স মোডকে ইউনিকাস্ট মোড বলে।
চিত্রের A কম্পিউটার শুধু B কম্পিউটারে ডেটা পাঠাতে পারবে, কিন্তু B কম্পিউটার A কম্পিউটারে ডেটা পাঠাতে পারবে না।
২. ব্রডকাস্ট মোড:
নেটওয়ার্কের কোনো একটি নোড (কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোনো যন্ত্রপাতি) থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে সকল নোডই গ্রহণ করে। যেমন( টিভি সমপ্রচার কেন্দ্র থেকে কোনো অনুষ্ঠান সমপ্রচার করলে তা সকলেই দেখতে পারে। এজন্য একটি প্রেরক থেকে নেটওয়ার্কের অধীনে সকল প্রাপকই ডেটা গ্রহণ করতে পারে।
চিত্রে, A প্রেরক নোড থেকে কোনো ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে সকল নোডই (B, C, D ও E কম্পিউটার) গ্র্রহণ করবে।
৩. মাল্টিকাস্ট মোড: নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে সকল নোডই গ্রহণ করতে পারে না। শুধুমাত্র নির্দিষ্ট একটি গ্রুপের সদস্য গ্রহণ করতে পারবে। যেমন( ভিডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে শুধুমাত্র যাদের অনুমতি থাকবে তারাই অংশগ্রহণ করতে পারবে।
চিত্রে, A প্রেরক নোড থেকে কোনো ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে B, C ও E কম্পিউটার গ্র্রহণ করবে। D নোড ডেটা গ্রহণ করতে পারবে না কারণ D নোড আলোচ্য ভিডিও কনফারেন্সিং এর সদস্য নয়।