গ্রন্থাগারে পত্র-পত্রিকার পাতা কাটা বন্ধ হোক

ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে রয়েছে ছয় লক্ষাধিক বই ও সাময়িকী। আছে ত্রিশ হাজারেরও বেশি বিরল পাণ্ডুলিপি ও মাইক্রোফিল্ম। গ্রন্থাগারের বিভিন্ন শাখার মধ্যে অন্যতম শাখা হলো পুরাতন পত্রিকা শাখা। এ শাখায় স্বাধীনতাপূর্ব ও স্বাধীনতাউত্তর বাংলাদেশের প্রথম সারির সকল জাতীয় দৈনিক পত্রিকা সংরক্ষিত রয়েছে— যা থেকে উপকৃত হচ্ছে অগণিত ছাত্রছাত্রী, শিক্ষক ও গবেষকবৃন্দ। একটা বিষয় প্রায়ই লক্ষ করা যায় যে, কোনো কোনো পত্রিকার পাতা কাটা। কেউ কেউ তাঁদের ক্ষুদ্র স্বার্থে পত্রিকার পাতা কেটে নিয়ে যান। ফলে সে সব অংশ থেকে সব পাঠকই বঞ্চিত হন। তাই এ ব্যাপারে পাঠকদের সচেতন হওয়ার অনুরোধ করছি। আমরা যেন পত্রিকা কাটা থেকে বিরত থাকি। সেইসঙ্গে নজরদারি বাড়ানোর জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মোল্লা আবু সালেহ, জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা