মৃত্যুর দৃশ্যেই মৃত্যু!
প্রকাশ : ১১ মে ২০১৪, ২১:৪৩
সিরিয়ালের চিত্রনাট্য অনুসারে বুকে গুলি লাগার পরই তার মৃত্যু হওয়ার কথা ছিল। সেইমতো সেটও তৈরি ছিল। লাইট-ক্যামেরা-অ্যাকশন বলার পর সবকিছু ঠিকঠাকই চলল। অদ্ভুত দৃঢ়তার সাথে শুরু করলেন সংলাপ বলা। তবে কিছুটা পরিবর্তন লক্ষ্য করে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকেন সেটের লোকজন। আগে তো এমন কাণ্ড ঘটাননি জর্ডানের খ্যাতনামা ও অভিজ্ঞ অভিনেতা আল-শাওয়ালকার।
মৃত্যুর দৃশ্যে অভিনয় করতে গিয়ে তিনি বলেন, ‘আমি শীঘ্রই মারা যাচ্ছি’। আর সেটাই তার শেষ কথায় পরিণত হয়ে গেল। জর্ডানের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ব্লাড ব্রাদার্সে’ অভিনয় করতেন তিনি। মৃত্যুর দৃশ্যে তার সংলাপ ছিল, ‘আমি চাই, তুমি তোমার খালি হাত দুটো দিয়ে আমাকে সমাহিত করো’। চিত্রনাট্য অনুযায়ী সেই মুহূর্তে তার মৃত্যু হওয়ার কথা ছিল। আর সেটাই যে সত্যি হবে, তা কেউ ভাবতেই পারেননি। অথচ কোনো অসুখে ভুগছিলেন না তিনি। তার আকস্মিক মৃত্যুতে স্বভাবতই স্তব্ধ সহকর্মী ও শিল্পীরা। ঘটনাটি গত সপ্তাহে ঘটেছে জর্ডানের রাজধানী আম্মানে। সেখানে এই নাটকের দৃশ্যে অভিনয়ের সময়েই মারা যান এই বিখ্যাত অভিনেতা। তার আকস্মিক মৃত্যুর কারণ জানা যায়নি। ৫৫ বছর বয়সী মাহমুদ আল-শাওয়ালকা মধ্যপ্রাচ্যে বিপুল জনপ্রিয়। বিশেষ করে ঐতিহাসিক নাটকে অভিনয়ের জন্য জনপ্রিয়তায় তার ধারে-কাছেও কেউ ছিল না।