অফিসটি নিজেই যখন পণ্যের বিজ্ঞাপন!

কোন কোম্পানি তার উত্পাদিত পণ্য বিক্রির জন্য নানা রকম বিজ্ঞাপনী কৌশল অবলম্বন করে। পত্রিকা, টিভি, রেডিওসহ বিভিন্ন গণমাধ্যমে কোম্পানি তার পণ্যের গুণাগুণ বর্ণনা করে বিজ্ঞাপন প্রচার করে। সাধারণভাবে এটাই প্রচলিত পন্থা। তবে অনেক কোম্পানি তাদের পণ্যের বিজ্ঞাপনের জন্য এক অভিনব কৌশলের আশ্রয় নেয়- উত্পাদিত পণ্যের আদলে তৈরি করে ফেলে তাদের প্রতিষ্ঠানের মূল অফিস ভবনটি। এতে ভাল কাজও হয়। লোকজন মজা পেয়ে ঐ পণ্য কিনতে ভিড় করে শোরুমগুলোতে। আড়াইশ’ ফুট উঁচু চায়ের কাপ! চীনের গুইঝো প্রদেশের মেইতান কাউন্টি গ্রিন চা তৈরির জন্য বিশ্বখ্যাত। আর সেই সুনামই জানান দিচ্ছে সেখানে অবস্থিত ২৪৫ ফুট উঁচু চায়ের কাপ সদৃশ বিশাল ভবনটি। পাশে চা ভর্তি কাপ। এটি আসলে অফিসটির দ্বিতীয় ভবন। টি পট ভবনে আছে একটি যাদুঘর যাতে রয়েছে চায়ের সঙ্গে সম্পর্কিত সবরকম পণ্য। দূর থেকে দেখলে সুদৃশ্য এই টি পট থেকে পটে চা ঢেলে খাওয়ার ইচ্ছা কার না জাগে। বাড়ি না টয়লেট? বিশ্ব টয়লেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শখ করে ২০০৭ সালে বানিয়েছিলেন এই কমোড সদৃশ বাড়িটি। দক্ষিণ কোরিয়ার সুয়নে অবস্থিত দু’তলা এই বাড়িটি বর্তমানে টয়লেট যাদুঘরে রূপান্তরিত হয়েছে। সাড়ে ৪ হাজার বর্গফুটের এই টয়লেট যাদুঘরে রয়েছে নানা মডেলের টয়লেট, ইউরোপীয় বেডপ্যানসহ টয়লেটের নানাসামগ্রী। এখানে রয়েছে একটি গিফট শপও যাতে আছে ‘হাসি মুখের’ কমোড সদৃশ নানারকম খেলনাও। মাছের আদলে মত্স্য ভবন শুধু বেসরকারি নয়, সরকারিভাবেও অনেক সময় ভবনের স্থাপত্যে চমক দেখানোর প্রবণতা কাজ করে থাকে। যেমনটি ঘটেছে ভারতের হায়দরাবাদের রাজেন্দ্রনগরে অবস্থিত ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট ভবন নির্মাণের ক্ষেত্রে। ২০১২ সালে ৪ তলা এই মত্স্য ভবনটি নির্মাণ করা হয়েছে ঠিক একটি বড় মাছের আদলে। জুতোর বাড়ি ক্যালিফোর্নিয়ার বেকার্স ফিল্ডে রয়েছে জুতো মেরামতকারী প্রতিষ্ঠান বিগ অক্সফোর্ড সুজ-এর জুতো সদৃশ ভবনটি। ১৯৪৭ সালে নির্মিত ৩০ ফুট লম্বা এই জুতো ভবনটি বাধা আছে ৫০ ফুট লম্বা একটি দড়ি দিয়ে যেটিকে বলা হচ্ছে ঐ জুতোর ফিতা। জুতো ভবনের আকর্ষণে সেখানে জুতো মেরামতের জন্য ছুটে যান লোকজন। ফলে প্রতিষ্ঠানের কর্মীরা থাকেন সদাব্যস্ত, কাষ্টমারের চাপে দম ফেলারও যেন সময় নেই তাদের। গিটার সদৃশ মিউজিক ভবন যুক্তরাষ্ট্রের টেনেসির ব্রিস্টলে আছে গিটার সদৃশ ৭০ ফুট লম্বা একটি ভবন যেখানে বিভিন্ন মিউজিকাল ইনস্ট্রুমেন্ট, উপহারসামগ্রী ও মিউজিক রেকর্ড বিক্রি হয়। ১৯৮৩ সালে নির্মিত গ্র্যান্ড গিটার নামক তিনতলা এই ভবনের জানালাগুলো হলো গিটারের ফুটো এবং গিটারের তারগুলো তৈরি করা হয়েছে নাইলনের দড়ি দিয়ে। দাবি করা হয় এটাই বিশ্বের একমাত্র গিটার সদৃশ মিউজিক ও গিফট শপ।