যুক্তরাজ্য বিএনপি নেতা অপহরণ
সুনামগঞ্জে বিএনপির হরতাল পালন
প্রকাশ : ১১ মে ২০১৪, ২১:৪৮
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ মুজিবুর রহমান মুজিব ও তার গাড়ি চালকের সন্ধান দাবিতে জেলা বিএনপির ডাকে গতকাল শান্তিপূর্ণভাবে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। সকালে বৃষ্টি থাকায় দলীয় কর্মীরা ৮টার পর থেকে শহরের বিভিন্ন মোড়ে পিকেটিং করতে নামে। তবে পুলিশের কঠোর অবস্থানের কারণে এক পর্যায়ে পিকেটাররা রাস্তা থেকে সরে যেতে বাধ্য হয়। হরতালের কারণে দুপুর ১২টা পর্যন্ত শহরের দোকানপাট বন্ধ ছিল। স্কুল, কলেজে পাঠদান হয়নি। বন্ধ ছিল জেলার সকল প্রকার যান চলাচল। অফিস-আদালতে লোকজনের উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় কম। হরতাল চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।