ফুলছড়িতে বখাটের ভয়ে ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ
প্রকাশ : ১১ মে ২০১৪, ২১:৪৯
গাইবান্ধা ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে বখাটের ভয়ে দশ দিন থেকে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে এক ছাত্রী। সে উপজেলার ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ে।
এলাকাবাসি ও ছাত্রীর অভিভাবক জানান, গাইবান্ধা সদর উপজেলার পূর্ব বোয়ালি গ্রামের ছাইদুর রহমানের ছেলে বখাটে মিজানুর রহমান ওরফে মিঠু মিয়া (২০) কিছুদিন থেকে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছে। গত ২৭ এপ্রিল বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বখাটে মিঠু মিয়া ছাত্রীটির পথরোধ করে। সে প্রথমে তাকে প্রেম প্রস্তাব দেয় এবং ধস্তাধস্তি করে তার শ্লীলতাহানির চেষ্টা করে। তারপরও প্রেম প্রস্তাবে সে রাজি না হওয়ায় বখাটে মিঠু মিয়া তার ক্ষতি করার হুমকি দিয়ে চলে যায়। বাড়িতে গিয়ে ওই ঘটনার কথা সে তার বাবা-মার কাছে জানায়। মঙ্গলবার ওই ছাত্রীর পিতা লাল মিয়া বলেন, বিষয়টি গত ২৮ এপ্রিল বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লিখিতভাবে জানানো হলে তিনি সমাধানের আশ্বাস দেন। কিন্তু তিনি এখনও কোনো ব্যবস্থা নেননি। এ কারণে গত দশদিন থেকে মেয়েকে বিদ্যালয়ে পাঠাতে সাহস পাচ্ছি না।
ছাত্রী বলেন, আমি বখাটের ভয়ে গত ২৭ এপ্রিল থেকে বিদ্যালয়ে যেতে পারছি না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম বলেন, অভিযোগ পাওয়ায় পর উভয় পক্ষকে নিয়ে সম্প্রতি বসা হয়েছিল। কিন্তু সমাধান করা সম্ভব হয়নি। ফুলছড়ি থানার ওসি মশিউর রহমান বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বখাটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।