কুমিল্লায় সুষ্ঠু নির্বাচনের দাবিতে ১৯ দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ১৯ দলীয় চেয়ারম্যান প্রার্থী ও জেলা বিএনপির সহ-সভাপতি ফজলুল হক ফজলু। আওয়ামী লীগ দলীয় প্রতিপক্ষ প্রার্থীর কর্মী-সমর্থকরা কেন্দ্র দখল, হয়রানিসহ শান্তিপূর্ণ ভোটগ্রহণে বাধাগ্রস্ত করতে পারে এমন অভিযোগ করে তিনি গতকাল রবিবার নগরীর ধর্মসাগরপাড়স্থ তার নির্বাচনী প্রচার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন। ১৯ মে ভোট গ্রহণের দিন প্রতিটি ইউনিয়নে ৩ জন করে ম্যাজিস্ট্রেট, নির্বাচনী এলাকায় ৩ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগসহ আইন-শৃংখলা রক্ষার জন্য পর্যাপ্ত পুলিশ, সেনা, র্যাব ও বিজিবি মোতায়েন রাখার জন্য তিনি নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবি জানান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন, বিএনপি নেতা অধ্যাপক জালাল উদ্দিন, রেজাউল কাইয়ুম, ভিপি জসিম উদ্দিন, আতাউর রহমান ছুটি, যুবদল নেতা আমিরুজ্জামান আমির, ছাত্রদল নেতা উত্বাতুল বারী আবু, নিজাম উদ্দিন কায়সার প্রমুখ।