পৃথক অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও গবাদিপশু ভস্মীভূত

লোহাগড়ায় ১৫ বাড়িসহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে বাড়ি ঘর, গবাদিপশু ও নগদ অর্থসহ প্রায় কোটি টাকার ক্ষতি হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক জেলা প্রতিনিধি ও সংবাদদাতারা। লোহাগড়ায় ১৫ বাড়ি পুড়ে গেছে নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি পশ্চিমপাড়ায় গত শনিবার রাতে অগ্নিকাণ্ডে ১৫টি বাড়ি ও চারটি গরু পুড়ে গেছে। আকবার শেখের বাড়ি থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে সবুর শেখ, গফফার শেখ, ইমামুল শেখ, ছরোয়ার শেখ, বজলু শেখ, আ. হাই শেখ ও আমিরুল শেখের বাড়িসহ ১৫ বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্তরা জানান, প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। দীঘলিয়া ইউপির চেয়ারম্যান ইমতিয়াজ আহম্মেদ মাসুম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জয়পুরহাটে হার্ডওয়ার দোকান পুড়ে গেছে জয়পুরহাটের পূর্ব বাজার বড় মসজিদ রোডে গত শনিবার রাত ১২টায় অগ্নিকাণ্ডে একটি হার্ডওয়ার দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা শহরের বাটার মোড় এলাকার মেসার্স সজীব হার্ডওয়ার দোকানে বৈদ্যুতিক সর্ট-সার্কিট হতে আগুনের সূত্রপাত ঘটে। দোকানে থাকা নগদ ৮১ হাজার নগদ টাকাসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে যায়। জয়পুরহাট ফায়ার সার্ভিস উপ-সহকারী প্রকৌশলী ইমদাদ হোসেন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভালুকায় ৫টি দোকান ভস্মীভূত ময়মনসিংহের ভালুকা উপজেলার শান্তিগঞ্জ বাজারের ভাই-বোন মার্কেটে গতকাল রবিবার ভোরে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, ওমর আলীর মনোহারী দোকানে শটসার্কিট থেকে এজাহার আলী, আনোয়ার হোসেন, ওমর আলী মুন্সী, আসাদ মিয়ার ও এস এ মিডিয়া সার্ভিসের দোকানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভালুকা ও গফরগাঁও ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নগদ অর্থসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা ও ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন।