যশোরে ১৫ মে থেকে পরিবহন ধর্মঘট

আগামী ১৫ মে থেকে জেলার ১৮টি রুটে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে যশোর জেলা সড়ক পরিবহন সমিতি। আগামী ১৪ মের মধ্যে মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইক, থ্রি হুইলারসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ না হলে পরদিন থেকে বাস, মিনিবাস, ট্রাকসহ সব ধরনের পরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হবে বলে সমিতির নেতৃবৃন্দ জানান। সমিতি কার্যালয়ে গতকাল রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যশোর জেলা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক এবং যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সভাপতি আলী আকবর। তিনি বলেন, হাইকোর্টের রায় ও সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে মহাসড়কে অবৈধ যানবাহন নসিমন, করিমন, আলমসাধু ভটভটি, থ্রি হুইলারসহ বিভিন্ন যানবাহন চলাচল অব্যাহত রয়েছে; কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। অবৈধ যানবাহনের কারণে প্রতিদিন অসংখ্য মানুষ মারা যাচ্ছে ও পঙ্গু হচ্ছে।