বাজেট পেশ ৫ জুন

চলতি দশম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসতে যাচ্ছে আগামী ৩ জুন মঙ্গলবার। আর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৪-’১৫ অর্থবছরের জন্য জাতীয় বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন ৫ জুন বৃহস্পতিবার। পাঁচ জানুয়ারির আলোচিত নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের এটা প্রথম বাজেট। আর দশম সংসদের জন্য এটা হবে দ্বিতীয় অধিবেশন। জাতীয় সংসদ সচিবালয় সূত্র জানায়, ৩ জুন অধিবেশন শুরু এবং ৫ জুন বাজেট প্রস্তাব উপস্থাপনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে রাষ্ট্রপতির জন্য সারসংক্ষেপ প্রস্তুত করা হয়েছে। কয়েকদিনের মাধ্যমে তা রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি আবদুল হামিদ এডভোকেট তারিখ ও সময় চূড়ান্ত করে সংসদের অধিবেশন ডাকবেন। প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। দশম সংসদের প্রথম অধিবেশন শেষ হয় গত ১০ এপ্রিল। সে অনুযায়ী আগামী ৯ জুনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। তবে রেওয়াজ অনুযায়ী সাধারণত জুনের প্রথম সপ্তাহে বাজেট অধিবেশন শুরু হয় এবং একই মাসের শেষ কার্যদিবসে প্রস্তাবিত বাজেট পাস হয়ে থাকে।