নড়াইলে এসএম সুলতানের বাড়িতে মজীনা
প্রকাশ : ১১ মে ২০১৪, ২৩:১২
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, নড়াইল সফর করতে পেরে আমি গর্বিত। অনেকদিন আগে আমেরিকায় শিল্পী এসএম সুলতানের চিত্র প্রদর্শনীতে কিছু ছবি দেখে আমি কিছুই বুঝিনি। কিন্তু আজ নড়াইলে এসে শিল্পীর চিত্রকর্ম দেখে সেসব চিত্রকর্মের অর্থ বুঝতে পেরেছি। শিল্পী তাঁর পেশীবহুল চিত্রকর্মের মাধ্যমে জাতিকে একটি বার্তা পৌঁছে দিয়েছিলেন। আমি কখনো ভাবিনি তার বাড়িতে আসতে পারবো, চিত্রা নদীতে ভ্রমণের তাঁর নৌকাটি দেখতে পারবো। এতে আমি গর্বিত।
গতকাল রবিবার দিনব্যাপী নড়াইল সফরকালে এসএম সুলতানের বাড়ি পরিদর্শনকালে দুপুরে তিনি এ কথা বলেন। এর আগে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত্ করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুল গাফফার খানের সভাপতিত্বে সৌজন্য সাক্ষাত্ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মনির হেসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সিভিল সার্জন ডা. আব্দুস সামাদসহ জেলার পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ। তার সফরসঙ্গী ছিলেন ডিপ্লোম্যাট বেলাল ফারুকী ও জেএসএন উইলিয়াম, প্রেস অফিসার মেরিনা ইয়াসমিন এবং সিকিউরিটি অফিসার আব্দুর রহমান। বিকালে তিনি সদর উপজেলার মুলিয়ায় উন্মুক্ত বাজেট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন।