রংপুরে বিএনপির নিখোঁজ নেতাকে সাভারে উদ্ধার

উপজেলা নির্বাচনে স্ত্রীর পক্ষে ভোটারদের সহানুভূতি পাওয়ার আশায় আত্মগোপন করেছিলেন রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের বিএনপি নেতা রেজওয়ানুল হক। নিখোঁজ হওয়ার পাঁচদিন পর গতকাল রবিবার ঢাকার সাভারের বাইপাইল এলাকায় তাকে উদ্ধার করে পুলিশ। রংপুরের পুলিশ সুপার আবদুর রাজ্জাক এ তথ্য গতকাল এক সাংবাদিক সম্মেলনে নিশ্চিত করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, রেজওয়ানুল হকের স্ত্রী রিনা বেগম ১৯ দলের পক্ষ থেকে সদর উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মমিনপুর ইউনিয়নের বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল গত ৬ মে রংপুরে আসেন তার স্ত্রীর নির্বাচনী পোস্টার নেয়ার জন্য। রাত থেকে তিনি নিখোঁজ হন। স্বামীর কোন খোঁজ না পেয়ে রিনা ওই রাতেই কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।