বড় হয়ে শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করব

সাদমান হাফিজ মুন পিতা:মো. আনোয়ার হোসেন মাতা: মলিনা আক্তার মুন শফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় টেলেন্টপুলে বৃত্তি পেয়ে বর্তমানে রাজউক উত্তরা মডেল কলেজের ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। তার সঙ্গে কথা হয়েছে পড়াশোনা ও ভবিষ্যত্ নিয়ে। সে কথাগুলো তোমাদের জন্য তুলে ধরেছেন চন্দন বর্ম্মণ। অনুশীলন :বর্তমানে তুমি রাজউক উত্তরা মডেল কলেজে পড়াশোনা করছো। আমরা জানি রাজউক উত্তরা মডেল কলেজ ষষ্ঠ শ্রেণি থেকে পড়াশোনা শুরু হয়। তুমি কোন স্কুল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিয়েছো ? মুন : কালিয়াকৈর থানার শফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা দিয়েছি। অনুশীলন :রাজউক কলেজে তুমি পাঁচ মাস যাবত্ পড়ছো। বাংলাদেশের সেরা কলেজ গুলোর মধ্যে এটি একটি। এর মধ্যে আরো একটি কলেজে পড়ে এসেছো। দুটি কলেজের মধ্যে তুমি কী ধরণের পার্থক্য দেখতে পাচ্ছো? মুন: পাঠদান প্রক্রিয়া আমার কাছে খুবই ভালো লাগে। স্যাররা একটা বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা দিয়ে থাকেন। একটা বিষয়ে আলোচনা করতে গিয়ে সে আলোচনা শুধু পাঠ্যবইয়ের ভেতরই সীমাবদ্ধ রাখেন না। প্রাসঙ্গিকতা ঠিক রেখে অনেক রেফারেন্স দিয়ে থাকেন। তাতে আমাদের কাছে শ্রেণিকক্ষে ক্লান্তি আসে না। বিষয়ের গভীরে শিক্ষক প্রবেশ করেন। আমরাও সে আলোচনায় মনোযোগের সহিত যুক্ত হতে পারি। অনুশীলন :সকল শিক্ষকই আমাদের কাছে শ্রদ্ধেয় ও প্রিয়। কালের হিসেবে ছয় সাত বছর হয়ে গেল তোমার পড়াশোনার বয়স। এ সময়টিতে তোমার কী কোনো শিক্ষকের কথা বিশেষ ভাবে মনে পড়ে? মুন: মো. আনোয়ার হোসেন স্যারের কথা আমার মনে পড়ে। কীভাবে হাতের লেখা সুন্দর করতে হয় সে প্রণালীটা তিনি শিখিয়েছেন। অনুশীলন :পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তুমি কী জান তাঁর পরিবারের নাম কী? মুন: ঠাকুর পরিবার। অনুশীলন :পরিবার কাকে বলে। মুন: মা-বাবা ভাই বোন, চাচা, চাচি , ফুফু সবাই মিলে যেখানে বাস করি। অনুশীলন :তোমাদেরকে তত্ত্বীয় বিজ্ঞান পড়ানোর পর সে বিষয়গুলো কী হাতে- কলমে পরীক্ষাগারে বা গবেষণাগারে দেখানো হয়? মুন: মাঝে মাঝে দেখানো হয়। ল্যাবে আমাদেরকে কোষের বিভিন্ন অংশ দেখানো হয়েছে। অনুশীলন: তোমাদের কলেজে কি বিজ্ঞান ক্লাব আছে? মুন: আছে অনুশীলন :তুমিতো এই কলেজে সদ্য ভর্তি হয়েছো বিজ্ঞান ক্লাবের তথ্য কোন মাধ্যম থেকে জানতে পেরেছো? মুন: বড় ভাইবোনদের কাছ থেকে জেনেছি। অনুশীলন : তুমি কী এই ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছো? মুন: এখনো হয়নি। অনুশীলন :আমরা পত্রিকায় প্রায় বছরই দেখি ফল বেরুবার পর রাজমুকুট রাজউকের মাথায়। তাই জানতে চাই তুমি বড় হয়ে কী হতে চাও? মুন:ডাক্তার। অনুশীলন :কেন, রাজা হতে চাও না? মুন: যে স্থানে যেখানেই থাকি নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করব। অনুশীলন : ডাক্তার হতে চাও কেন? মুন: আমাদের পরিবারে কেউ ডাক্তার নেই তাই অনুশীলন : তুমি বড় হয়ে অবহেলিত মানুষের জন্যে কী করবে? মুন: শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করব।