ছোটপর্দায় আসছেন কাজল

বলিউড সুপারস্টার কাজল এবারে ছোটপর্দায় আসছেন। ভারতীয় একটি টিভি রিয়েলিটি ড্রামাতে একজন ডিটেকটিভের ভূমিকায় তাকে দেখা যেতে পারে। এমন খবর মৌখিকভাবে দুটি ড্রামা প্রডাকশন কাজলের সাথে আলাপ করার পরপরই মিডিয়াতে চাউর হয়ে যায়—এই বলিউড সুন্দরী আসছেন ছোটপর্দায়। আর এরপর থেকেই কাজলকে সাংবাদিকেরা নানা প্রশ্নের মুখোমুখি করছেন—কবে থেকে তিনি ছোটপর্দায় আবির্ভূত হচ্ছেন। এমন প্রশ্নের জবাবে তাই খানিক বিরক্ত হয়ে কাজল বলেছেন, ‘এখনও কিছু চূড়ান্ত হয়নি। আমি এখনও ঠিক করিনি। তবে আমি সম্মত হয়েছি ভালো কোনো কনসেপ্ট হলে একটি শো হয়তো করব। কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই আমার পছন্দ হয়নি। আমি মনে করি যা আমি নিজে মনে প্রাণে বিশ্বাস করি না, যা আমি নই এ ধরনের চরিত্র নিয়ে হয়তো সিনেমা করা যায়, কিন্তু ছোটপর্দায় নয়। তাই আমি আমার বিশ্বাসযোগ্য পার্সোনালিটি নিয়েই আসব টিভি পর্দায়।’ আমির খানের কাছ থেকে অনুপ্রাণিত এই সিদ্ধান্ত কি না জানতে চাইলে কাজল বলেন, ‘এটা হতেও পারে। কারণ আমি আমিরের শোটি নিয়মিত দেখি এবং তার এই শোটি আমার ভীষণ ভালো লাগে।’