ইন্টারনেট ব্যবহারে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব এসএমই ফাউন্ডেশনের

আসছে বাজেটে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করেছে এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ) ফাউন্ডেশন। একই সঙ্গে এসএমই খাতের শিল্পের অসুবিধা দূর করে শিল্প বান্ধব বাজেট প্রণয়নের জন্য রাজস্ব বোর্ড (এনবিআর) তথা অর্থ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে। সম্প্রতি এ বিষয়ে এসএমই ফাউন্ডেশন শুল্ক-কর ও ভ্যাট (মূল্য সংযোজন কর) সংক্রান্ত ৪১টি প্রস্তাব এনবিআরে পাঠিয়েছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, এসব প্রস্তাব বাজেটে গৃহীত হলে দেশিয় শিল্প বিকাশের পাশাপাশি সরকারের কাঙ্ক্ষিত রাজস্বও বাড়বে। এসএমই ফাউন্ডেশনের প্রস্তাবে বৈদ্যুতিক যন্ত্রপাতির কাঁচামাল আমদানি শুল্ক বিদ্যমান ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এসব পণ্যের আমদানির ক্ষেত্রে বিদ্যমান সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়া বেইজ মেটালের আওতায় মৌলিক কাঁচামালের আমদানি পর্যায়ে শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করা, সম্পূর্ণ তৈরি লিফ স্প্রিং, তৈরি ফিল্টারের আমদানি শুল্ক বাড়িয়ে দেয়া, গৃহে ব্যবহার্য পাখার যন্ত্রাংশ আমদানির শুল্ক-কর অব্যাহতি দেয়া, অন্যদের ক্ষেত্রে সম্পূরক শুল্ক বাড়িয়ে দেয়া, বৈদ্যুতিক ফ্যান উত্পাদনের ক্ষেত্রে ৫ শতাংশ শুল্ক নির্ধারণ, গ্যাস জেনারেটর ও জেনারেটর যন্ত্রাংশের শুল্ক ও ভ্যাট মওকুফ করার প্রস্তাব দেয়া হয়। এছাড়া ভ্যাট নিবন্ধন সহজ করা, অভিন্ন নিবন্ধন ব্যবস্থা চালু করা, কুটির শিল্প ও টার্নওভার করভুক্ত শিল্পের বিরুদ্ধে বৈষম্যমূলক আইনি বিধান প্রত্যাহার করা, কটির শিল্প ও টার্নওভার করভুক্ত শিল্পের জন্য নিষিদ্ধ পণ্য ও সেবার তালিকা প্রত্যাহার করা, ভ্যাটের ক্ষেত্রে টার্নওভার সীমা প্রত্যাহার করা বা ১ লাখ টাকা করা, নারিকেল তেল উত্পাদক শিল্পের জন্য ক্ষুদ্র ও কুটির শিল্প সুবিধা প্রদান করা, এসএমই’র উত্পাদন ও সরবরাহ পর্যায়ে সঙ্কুচিত ভিত্তিমূল্যে ভ্যাট আদায় অব্যাহত রাখা, বিদ্যুত্, টেলিফোন ও বীমার উপর পরিশোধিত ভ্যাটের শতভাগ রেয়াত, দেশে উত্পাদিত প্লাস্টিক খেলনা সামগ্রীর ভ্যাট প্রত্যাহার এবং যেসব পণ্যে ভ্যাট নেই সেসব পণ্যের উত্পাদন পর্যায়ে ভ্যাট মওকুফ করার প্রস্তাব করা হয়।