চীন-ভিয়েতনাম উত্তেজনা তুঙ্গে
প্রকাশ : ১২ মে ২০১৪, ২০:৫৭
বিতর্কিত চীন সাগরে চীনের ভূমিকার বিরোধিতা করে রবিবার সারা ভিয়েতনাম জুড়ে শত শত নাগরিক বিক্ষোভ সমাবেশ করেছে। সমাজতান্ত্রিক দেশটিতে সাম্প্রতিক সময়ে এটাই সবচেয়ে বড় সমাবেশ। দেশটির রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত এ সমাবেশে চীনা দূতাবাসের সামনে বিক্ষোভকারীরা দেশাত্মবোধক গান গেয়ে এবং প্লাকার্ড উঁচিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ আন্দোলনে দেশটির যুদ্ধের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ ও শিক্ষার্থী দূতাবাসের সামনে জড়ো হয়। এ মাসের প্রথমদিকে বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের একটি জাহাজের সাথে চীনের তেল উত্তোলন প্লাটফর্মের কাছের একটি জাহাজের সংঘর্ষ হয়। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে চলছে। এর আগেও দেশটিতে চীনা বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তবে সেসময় গণতন্ত্রপন্থি কর্মীদের দিয়ে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কায় বিক্ষোভ পণ্ড করে দেয় কর্তৃপক্ষ। একজন বিক্ষোভকারী বলেন, এ ঘটনায় চীনের ভূমিকা ভিয়েতনামের সার্বভৌমত্বের লঙ্ঘন। তিনি আরো বলেন, আমাদের ধৈর্য অনেক সীমাবদ্ধ। যেকোন উপায়ে আমরা আমাদের অঞ্চলকে রক্ষা করতে চাই। আর জাতিকে বাঁচাতে গিয়ে যদি মৃত্যুও হয় সেটিও আমাদের বরণীয়।
এদিকে এ সাগরের মালিকানা দাবি করায় এখান থেকে ভিয়েতনামের সকল জাহাজ সরিয়ে নিতে হুঁশিয়ারি দিয়েছে চীন। ওদিকে চীনের জাহাজ তাদের জাহাজকে ধাক্কা দিয়েছে বলে জানায় ভিয়েতনাম। আর এ বক্তব্যের সমর্থনে প্রয়োজনীয় ভিডিও ফুটেজও তারা প্রকাশ করেছে। অন্যদিকে এ ধরনের উস্কানির জন্য চীনকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র এবং এর ফলে এ অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র।