লিবিয়ার উপকূলে অভিবাসী নৌকা ডুবি, ৩৬টি লাশ উদ্ধার
প্রকাশ : ১২ মে ২০১৪, ২০:৫৮
আফ্রিকার বিভিন্ন দেশের শতাধিক অভিবাসী নিয়ে লিবিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় ৩৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে অর্ধশতাধিক যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে গারাবৌলি এলাকায় সন্ধান চালাচ্ছে নৌবাহিনী।
গারাবৌলি এলাকায় গত মঙ্গলবার ডুবে যায় নৌকাটি। বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, নৌকাটিতে মালি, ক্যামেরুন, ঘানা, গাম্বিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশের প্রায় ১৩০ জন মানুষ ছিলো। তারা সবাই লিবিয়া হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিলেন। নৌবাহিনীর মুখপাত্র আইয়ূব কাসেম বলেন, লিবিয়ার উপকূলীয় শহর গারাবৌলি এলাকা থেকে ৪ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ হিসাবে নৌকাটির তলা ফেটে যাওয়ার কথা জানান তিনি।
মূলত আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে প্রবেশের পথ হিসাবে লিবিয়াকে ব্যবহার করে মানবপাচারকারী চক্র। লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, এ ধরনের দুর্ঘটনার কারণ লিবিয়াকে মানব পাচারের রুট হিসাবে ব্যবহার। তাই মানব পাচার বন্ধে এগিয়ে আসতে হবে ইউরোপিয়ান ইউনিয়নকে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইউরোপীয়ান ইউনিয়ন কার্যকরি ব্যবস্থা না নিলে আফ্রিকার ঐসব দেশের মানুষকে ইউরোপে পাঠাতে সাহায্য করবে লিবিয়া সরকার।