ভারতের লোকসভা নির্বাচন
নতুন সদস্যদের স্বাগত জানানোর প্রক্রিয়া শুরু
প্রকাশ : ১২ মে ২০১৪, ২০:৫৮
ভারতের লোকসভা সচিবালয় নতুন সদস্যদের স্বাগত জানানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। লোকসভার প্রায় ২৪টি শাখা এজন্যে প্রায় একমাস ধরে কাজ করছে। ১৬ মে ভোট গণনা হবে। এদিকে পূর্বপ্রস্তুতি হিসেবে লোকসভা সচিবালয় নতুন করে ম্যানুয়েল, বুকলেট, কার্যপ্রণালী বিধিসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ছাপিয়েছে। সূত্রমতে, রাষ্ট্রপতি প্রণব মুখার্জি প্রথা অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সবচেয়ে সিনিয়রকে খণ্ডকালীন স্পীকার নিয়োগ করবেন। এরপর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সম্ভাব্য তারিখ অনুযায়ী ২ জুন লোকসভার নতুন স্পীকার নির্বাচিত হবেন। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি খুব সম্ভবত ৪ জুন প্রথা অনুযায়ী লোকসভার প্রথম অধিবেশনের শুরুতে রাজ্যসভা এবং লোকসভার যৌথ সভায় ভাষণ দেবেন।