রাঙ্গামাটিতে মঙ্গল শোভাযাত্রা করলেন বৌদ্ধধর্মাবলম্বীরা
প্রকাশ : ১২ মে ২০১৪, ২১:১৮
বৈশাখী পূর্ণিমা উপলক্ষে বিশ্বশান্তি কামনা করে গতকাল সোমবার রাঙ্গামাটি শহরে মঙ্গল শোভাযাত্রা করেছে বৌদ্ধধর্মাবলম্বীরা। পার্বত্য চট্টগ্রাম ভিক্ষুসংঘ ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের উদ্যোগে এই শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি রাঙ্গামাটি সরকারি কলেজ থেকে শুরু হয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে শহরের বনরূপা মৈত্রী বিহারে গিয়ে ধর্মসভায় মিলিত হয়। ধর্মসভায় বৌদ্ধ নর-নারীরা পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান সম্পাদন করেন। ধর্মসভায় সভাপতিত্ব করেন শ্রদ্ধালংকার মহাস্থবির।
উল্লেখ্য, আজ বৈশাখী পূর্ণিমার দিনে তথাগত গৌতম বুদ্ধ জন্মলাভ করেন। এই দিনেই তিনি বুদ্ধত্ব এবং পরিনির্বাণ লাভ করেন। তাই এই দিনটি বৌদ্ধদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আজ সারাদেশের ন্যায় পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধধর্মাবলম্বীরা এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করবে।