পাহাড় ধসের ঝুঁকিতে অর্ধ লক্ষাধিক মানুষ

উখিয়া উপজেলার বিভিন্ন পাহাড়ী এলাকায় প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ ধসের ঝুঁকিতে অনিশ্চিত বসবাস করছে। বিশেষ করে জালিয়াপালং ইউনিয়নের পাটুয়ারটেক থেকে মনখালী পর্যন্ত সাগর ঘেঁষা ইনানীর পাহাড়ে রাজাপালং ইউনিয়নের দোছরী, হরিণমারা, পালংখালী ইউনিয়নের থিমছড়ি, রত্নাপালং ইউনিয়নের রেজু আমতলী সংলগ্ন গর্জনবনিয়া আছারতলীসহ কয়েকটি এলাকায় ঝুঁকিপূর্ণ জনবসতি রয়েছে। কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম জানান, বেশির ভাগ ছিন্নমূল পরিবার সরকারি বনভূমির সুউচ্চ পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে। অতি বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনায় তাদের অপমৃত্যুর ঘটনা ঘটছে। গতকাল শনিবার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকা ঘুরে স্থানীয় বসবাসকারীদের সাথে আলাপ করা হলে তারা জানান, গত বছরের প্রবল বর্ষণে বিশাল পাহাড়ী এলাকা ধসে পড়েছে। সেখানে কোন জনবসতি না থাকায় ভাগ্যক্রমে হতাহতের ঘটনা ঘটেনি। তারা মনে করছেন, অদূর ভবিষ্যতে এখানে পাহাড় ধসে প্রাণহানির সম্ভাবনা রয়েছে। উপজেলা সমন্বয় সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, বর্ষার শুরুতেই ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের অন্যত্রে সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হবে।