মনিরামপুরে ৮ শিশু উদ্ধার দুই পাচারকারী আটক

যশোর মনিরামপুরে ভারতে পাচারকালে ৮ শিশুকে উদ্ধার করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার স্মরণপুর এলাকা থেকে স্থানীয় জনতা পাচারকারী সন্দেহে আট শিশুসহ রাজীবুল ইসলাম (২৫) ও হাফসা খাতুন (২০) নামের দুই পাচারকারীকে আটকপূর্বক পুলিশে সোপর্দ করে। উদ্ধার হওয়া শিশুরা হলো: শিরিনা (৮), হেনা (৭), রানা (৭), চম্পা (৮), উর্মি (৭), তানজিলা (৮), জুলিয়া (৭) ও ফতেমা (৭)। উপজেলার ভরতপুর গ্রামের সোলায়মান বিশ্বাসের ছেলে মাহাবুুর রহমান (২৫) একই উপজেলার এনায়েতপুর গ্রামে গত ৪ মাস আগে স্থানীয়দের সহায়তায় একটি কওমী মহিলা মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করে। সেখানে ভর্তি হওয়া শিশুদের লেখাপড়ার জন্য নড়াইল কালিয়া উপজেলার শীতলবাটি গ্রামের হাফসা খাতুন (২০) নামের আটককৃত ওই মহিলাকে নিয়োগ করা হয়। আটকের সময় দৌড়ে পালিয়ে যায় এ চক্রের মূল হোতা মাদ্রাসার পরিচালক মাহবুর রহমান। আটক শিক্ষিকা হাফসা খাতুন জানায়, মাদ্রাসার পরিচালক মাহবুর রহমানের নির্দেশে শিশুগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ব্যাপারে মনিরামপুর থানার ওসি মিজানুর রহমান খান জানান, উদ্ধার হওয়া শিশুদেরকে স্থানীয় জনপ্রতিনিধি ও মাদ্রাসার তত্ত্বাবধায়কদের জিম্মায় দেয়া হয়েছে। আটককৃত দুই পাচারকারীকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।