সুনামগঞ্জে ড্রাইভার সোহেলের সন্ধান দাবিতে মানববন্ধন

যুক্তরাজ্য যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিবের সঙ্গে গত ৯ দিন ধরে নিখোঁজ গাড়ির ড্রাইভার রেজাউল হক সোহেলের সন্ধান দাবিতে গতকাল সোমবার শহরের পুরাতন বাসস্টেশনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা মাইক্রোবাস ও অটো ট্যাক্সিচালক সমিতির নেতৃবৃন্দ শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় নিখোঁজ সোহেলের ছবি সম্বলিত পোস্টার হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। বক্তারা অবিলম্বে নিখোঁজ মুক্তিযোদ্ধার সন্তান রেজাউল হক সোহেলকে জীবিত উদ্ধারের দাবি জানান। বক্তব্য রাখেন, আব্দুল করিম, আব্দুল মতিন, আবদাল আহমদ, আনহার মিয়া, আমীর হোসেন প্রমুখ। গত ৪ মে সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব তার গাড়ির ড্রাইভার রেজাউল হক সোহেল নিখোঁজ হন।