কিশোরীর বিয়ে হলো না যৌতুকের কারণে

যৌতুকের দাবি মেটাতে না পারায় বিয়ে হলো না সৈয়দপুরের পার্শ্ববর্তী কিশোরীগঞ্জের মিয়াপাড়া গ্রামের আতাউর রহমানের কন্যা লিয়া আক্তার আদরীর। জানা গেছে, মাগুড়া দোলাপাড়া গ্রামের সরকারি একটি বাহিনীর সদস্য জয়নাল হোসেনের নজর পড়ে স্কুলছাত্রীর উপর। প্রথমে প্রেমের প্রস্তাবে কাজ না হলে পরে বিয়ে করার প্রলোভন দিয়ে সব কিছু লুটে নেয় সে। কথা ছিল, এবারের ছুটিতে বাড়ি আসলে বিয়ে করবেন। কিন্তু প্রেমিক বাড়িতে এসে চুপিচুপি বিয়ে করার জন্য মেয়ে খুঁজতে থাকে। ওই কিশোরী জয়নালের মনোভাব বুঝতে পেরে বিয়ের দাবিতে আশ্রয় নেয় তার বাড়িতে এবং অনশন শুরু করে। একপর্যায়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাহার হোসেন দুলাল ও মাতব্বর আইয়ুব আলী সরকার সালিশ বৈঠকে তার বাবার কাছ থেকে ৩ লাখ টাকা যৌতুক নিয়ে আসতে বলে। যৌতুকের টাকা দিতে পারলে জয়নালের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বিয়ে করার দাবি ছেড়ে দিতে হবে। এলাকাবাসী জানায়, চেয়ারম্যান ও মাতব্বর জয়নালের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে মেয়ের বাবাকে ১ লাখ ৮০ হাজার টাকা দিয়ে বাকি টাকা আত্মসাত্ করেছেন।