রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষি ব্যাংকের লেজার সংস্কৃতি মন্ত্রণালয়ে হস্তান্তর
তন্ময় ভৌমিক, নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০১৪, ২২:২৯
নওগাঁ জেলা প্রশাসকের ট্রেজারীতে রক্ষিত রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষি ব্যাংকের শত বছরের পুরানো লেজার খাতা সংস্কৃতি মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার নওগাঁর জেলা প্রশাসক মোঃ এনামুল হক ও পুলিশ সুপার মোঃ কাইয়ুমুজ্জামান খান রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষি ব্যাংকের শত বছরের পুরানো লেজার খাতা সংস্কৃতি মন্ত্রণালয়ের জাতীয় আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহাবুদ্দিন খানের হাতে তুলে দেন। এসময় নওগাঁর নেজারতে ডেপুটি কালেক্টর মোঃ ফিরোজ হাসান, জাতীয় আর্কাইভ বিভাগের জুনিয়র অফিসার মোকলেছুর রহমান, রবীন্দ্র গবেষক ও সাবেক সহযোগী অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
২০০৯ সালে রবীন্দ্র সংগ্রাহক আত্রাই উপজেলার পতিসরের এম মতিউর রহমান মামুন রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষি ব্যাংকের এই লেজার খাতা উদ্ধার করে নিরাপত্তা হেফাজতের জন্য নওগাঁ তত্কালীন জেলা প্রশাসক মোঃ আহসান হাবিব তালুকদারের নিকট জমা দিয়েছিলেন। দীর্ঘ ৫ বছর ধরে জেলা প্রশাসন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল বিজয়ের টাকায় প্রতিষ্ঠিত কৃষি ব্যাংকের লেজার খাতাটি সংরক্ষণ করে রেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে খাতাটি অধিকতর সংরক্ষণ করার আহবান জানিয়ে চিঠি দেন। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সংস্কৃতি মন্ত্রণালয় বরাবর হস্তান্তর করা হলো দুর্লভ এই লেজার খাতা।