চান্দিনায় শিক্ষক পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ১২ মে ২০১৪, ২২:৩১
কুমিল্লার চান্দিনায় এক শিক্ষকের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।
গতকাল সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ, বিদ্যালয়ের দরজা, জানালাসহ প্রয়োজনীয় আসবাবপত্র ও শিক্ষা সামগ্রী ভাংচুর করে। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশ।
বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক আনোয়ার হোসেনকে জোরপূর্বক বিদ্যালয় থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আনোয়ার হোসেনকে পুনর্বহাল করতে আমাদের এ আন্দোলন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র দেবনাথ জানান, শিক্ষক আনোয়ার হোসেন নিজের ব্যক্তিগত সমস্যা জানিয়ে ২০১৩ সালের ১৩ জানুয়ারি তারিখে প্রথম, চলতি বছরের ২৭ এপ্রিল দ্বিতীয় বার পদত্যাগপত্র জমা দিয়েছেন। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে অনুরোধ জানিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে তার পদত্যাগ গ্রহণ করেনি। তার তিন দিন পর ৩০ এপ্রিল আনোয়ার হোসেন একই সমস্যা জানিয়ে তৃতীয় ও শেষ বারেরমত পদত্যাগপত্র জমা দিলে গত ১৫ মে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি উত্থাপিত হলে তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে বিদ্যালয় থেকে অব্যাহতি দেয়া হয়।
শিক্ষক আনোয়ার হোসেন জানান, আমি পদত্যাগ করিনি। বিদ্যালয় পরিচালনা পর্ষদ আমার কাছ থেকে জোরপূর্বক পদত্যাগপত্র নেন।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ জানান, ‘শিক্ষক আনোয়ার হোসেন ব্যক্তিগত সমস্যা দেখিয়ে পদত্যাগ করেছেন। যদি ওই শিক্ষক শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য এবং প্রিয় হয়ে থাকে তবে তাদের দাবি আমরা অবশ্যই বিবেচনা করব।