তারাগঞ্জে ব্রিজের রেলিং ভেঙ্গে বাস নদীতে নিহত ৪

গত রবিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি বাস তারাগঞ্জ উপজেলায় বারাতি ব্রিজের উপরে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙ্গে যমুনেশ্বরী নদীতে পড়ে গেলে চারজন যাত্রী মারা যায়। আহত হয় কমপক্ষে ৪০ জন যাত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদেরমধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, ঠাকুরগাঁওয়ের খাদিজা (২০), জয়তন বেওয়া (৭৫), ঢাকার গাবতলী লালকুঠি এলাকার জীবন (৪০), গাড়ির সুপারভাইজার নূর আলম (৩৫)। দুর্ঘটনার পর রাত ৮টা-১২টা পর্যন্ত দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের সঙ্গে রংপুরসহ সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ থাকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাসটির চালক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আসছিলেন। রাত ৮টার দিকে বাসটি ব্রীজে ওঠার আগেই একটি ট্রাককে ওভারটেক করে এগিয়ে যায়। এ সময় সামনে আরেকটি গাড়ির মুখোমুখি হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি রেলিং ভেঙ্গে প্রায় একশ ফুট নিচে নদীর পানিতে গিয়ে পড়ে। খবর পেয়ে রংপুর ও নীলফামারী, সৈয়দপুর থেকে দমকল বাহিনীর ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পরে পুলিশ সুপার, পিপিএম ঘটনাস্থলে গিয়ে পুলিশের ব্যবহূত রেকার এবং পরে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের সহযোগিতা নিয়ে ভোর ৫টার দিকে উদ্ধার কাজ শেষ হয়।