সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে মাটির নিচ থেকে প্রায় ১০ বস্তা সরকারি ওষুধ, গজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে হাসপাতালের সেপটিক ট্যাংকের পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়। কে বা কারা, কী উদ্দেশ্যে এত বিপুল পরিমাণ ওষুধ মাটি চাপা দিয়ে রেখেছিল সে ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে স্থানীয়রা দাবি করেছেন, হাসপাতাল থেকে চুরি করা এসব ওষুধ অসত্ উদ্দেশ্যেই মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল প্রাঙ্গণে মাটির নিচে কমপক্ষে ১০ বস্তা বিভিন্ন ধরনের ওষুধ ও গজ ব্যান্ডেজসহ নানা ধরনের সরঞ্জাম মাটি চাপা দেওয়া হয়েছিল। সকালে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হলে পানির তোড়ে বস্তাগুলোর ওপর থেকে মাটি সরে যায়। বস্তাগুলো পুনরায় মাটি চাপা দেওয়ার জন্য লেবারদের সঙ্গে চিহ্নিত কয়েকজন দালাল দর কষাকষি করার সময় ঘটনাটি ফাঁস হয়ে যায়। পরে বস্তাগুলো উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। উদ্ধার হওয়া গজ ব্যান্ডেজগুলো বেশ নতুন এবং ওষুধের মেয়াদ ২০২২ সাল পর্যন্ত বলে জানা গেছে।
জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শাহজাহান আলী জানান, তিনি বিষয়টি অবহিত হয়েছেন। ওষুধগুলো সরকার কর্তৃক সরবরাহকৃত। তবে তিনি দায়িত্বে থাকাকালীন এ ঘটনা ঘটেনি। তিনি যোগদানের আগে ঘটনাটি ঘটেছে বলে সন্দেহ করছেন। ব্যাপারটি খতিয়ে দেখতে রবিবার তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি জানান।
ওষুধ জব্দের তথ্য নিশ্চিত করে সদর সার্কেল এএসপি মেরিনা জাহান জানান, বস্তাগুলো পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।