নাইজেরিয়ার অপহূত ছাত্রীদের ভিডিও প্রকাশ করল জঙ্গিরা

নাইজেরিয়ার অপহূত স্কুল ছাত্রীদের ভিডিও চিত্র প্রকাশ করেছে ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। অপহূতদের ১৩০ জনকে এই ভিডিও চিত্রে দেখা গেছে। এদের মধ্যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইসলাম ধর্মে দীক্ষিত করা হয়েছে বলে দাবি করেছেন পশ্চিমা শিক্ষাবিরোধী জঙ্গিগোষ্ঠীটির এক নেতা। বন্দি জঙ্গিদের মুক্তির বিনিময়ে এসব ছাত্রীকে ছেড়ে দেওয়া হবে বলে শর্ত দিয়েছে গোষ্ঠীটি। খবর বিবিসির। বোকো হারাম নেতা আবু বকর শেকাউ জানিয়েছেন, ইসলাম ধর্মে দীক্ষিত করার মাধ্যমে তাদের এক অর্থে মুক্তিই দেওয়া হয়েছে। তাদের পরিবারের কাছে ফিরিয়ে নিতে হলে বন্দি জঙ্গিদের মুক্তি দিতে হবে বলে শর্ত দেন ওই নেতা। নাইজেরিয়ার স্বারাষ্ট্রমন্ত্রী আব্বা মোরো এই ধরনের শর্তকে প্রত্যাখান করেছেন। তিনি বলেছেন, এই ধরনের শর্তের কোনো যৌক্তিকতা নেই। সন্ত্রাসী এই গোষ্ঠীটি বিভিন্ন শর্ত দেওয়ার চেষ্টা করছেন বলেও তিনি মন্তব্য করেন। ২৭মিনিটের এই ভিডিওতে দেখা যায়, তিনজন ছাত্রী হিজাব পরে আছে। তাদের প্রার্থনা করতেও দেখা গেছে। এদের মধ্যে দুজন বলছেন, তারা আগে খ্রিস্টান ছিলেন এবং বর্তমানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অপহূতদের বেশিরভাগই খ্রিস্টান ধর্মাবলম্বী। ভিডিওতে ছাত্রীদের শান্ত দেখাচ্ছে এবং তারা জানিয়েছে, তাদের কোনো ক্ষতি করা হয়নি। কোথায় ভিডিওটি ধারণ করা হয়েছে সেই সম্পর্কে কিছু জানা যায়নি। দেখে মনে হয়েছে , কোনো পল্লী এলাকায় এটা ধারণ করা হতে পারে। তবে অপহূতদের বিভিন্ন ভাগে ভাগ করে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ ২শত’র বেশি ছাত্রী অপহূত হলেও ভিডিওতে ১৩০ জনকে দেখা যায়।