চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর সেক্রেটারিসহ ২১ নেতা-কর্মী গ্রেফতার

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য মাওলানা শামসুল ইসলাম, মহানগর সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশই সুরার সদস্য নজরুল ইসলামসহ ২১ মহানগর জামায়াত নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর দেওয়ানবাজার দিদার মার্কেটে মহানগর জামায়াতের কার্যালয়ে গোপন বৈঠককালে গতকাল সোমবার বিকালে তাদের গ্রেফতার করা হয়। কোতোয়ালী থানার ওসি মহিউদ্দিন সেলিম বলেন, বিকাল ৪টায় পুলিশ মহানগর জামায়াত কার্যালয় থেকে মহানগর আমীর সেক্রেটারিসহ ২১ জনকে গোপন বৈঠক থেকে গ্রেফতার করে। আজ মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হবে। মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আহসান উল্লাহ বলেন, মহানগর কার্যালয়ে থানা আমীরদের নিয়ে বৈঠক চলাকালে পুলিশ তাদের গ্রেফতার করে। এর প্রতিবাদে আজ মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও আগামীকাল বুধবার বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আরো রয়েছেন মহানগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ, মহানগর নেতা আ.জ.ম ওবায়দুল্লাহ, ডা. সিদ্দিকুর রহমান, আবদুল হাকিম, ড. হাবিবুর রহমান, আবু বক্কর সিদ্দিক, ফারুক-ই-আজম, অফিস সহকারী আবদুল মতিন।