দিনাজপুরের আলু ব্যবসায়ী টাঙ্গাইলে চার দিন নিখোঁজ

ব্যবসার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে নিখোঁজ হয়েছেন দিনাজপুরের পার্বতীপুরের খয়েরপুকুর হাটের আলু ব্যবসায়ী তারাজুল ইসলাম (৪৫)। গত চার দিন ধরে তার কোন খোঁজ-খবর না পাওয়ায় আতঙ্ক ও উত্কণ্ঠার মধ্যে আছেন তার পরিবার। তারাজুল ইসলাম পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাট এলাকার উত্তর বৃষ্ণপুর ঘোনাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। এদিকে, টাঙ্গাইলের সখীপুরে অপহরণের পাঁচ মাস পর প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স সখীপুর শাখার ম্যানেজার সাইফুল ইসলাম খানের (৪৫) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে সখীপুর থানা পুলিশ। গতকাল সোমবার দুপুর আড়াইটায় উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের কালিয়ানের নকিল বিলের মাটির নিচ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। সাইফুলের বাড়ি কালিহাতী উপজেলার চারান গ্রামে। তারাজুল ইসলামের ছেলে ইলিয়াস আহম্মেদ বলেন, তার বাবা গত বৃহস্পতিবার রাতে ট্রাকে করে আলু নিয়ে ময়মনসিংহ যান। পরদিন শুক্রবার সেখানকার আলু ব্যবসায়ী সেলিম আহম্মেদ, জালাল উদ্দিন ও রাজা মিয়ার আড়তে আলু বিক্রি করে ৭১ হাজার টাকা নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। ইলিয়াস অভিযোগ করেন, রাত আনুমানিক সাড়ে ৯টায় এলেঙ্গা থেকে বাবা আমার সঙ্গে ফোনে কথা বলেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। পরে আলুর আড়ত্দার সেলিম আহম্মেদ, জালাল রাজা ও জয়নাল আবেদীনের সাথে যোগাযোগ করলে তারা জানান, তারাজুল ইসলাম আলু বিক্রির টাকা নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়ে গেছেন, এরপর তারা আর তার সম্পর্কে কিছুই জানেন না। ইলিয়াস জানান, কালিহাতা উপজেলার এলেঙ্গা থেকে তারাজুল নিখোঁজ হয়েছেন এমন সংবাদ জানিয়ে কালিহাতা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেনের সাথে যোগাযোগ করা হলে ওসি মনির হোসেন ময়মনসিংহ থানায় মামলা করার পরামর্শ দেন। সখীপুর থানার ওসি মোখলেছুর রহমান জানান, গত বছরের ১১ ডিসেম্বর কর্মস্থল সখীপুর থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হন সাইফুল ইসলাম খান। ওইদিন রাতে সাইফুলের স্ত্রী মাহফুজা ফেরদৌসি সখীপুর থানায় তার স্বামী নিখোঁজ রয়েছে মর্মে একটি জিডি করেন। পরে গত ৯ এপ্রিল সাইফুলের স্ত্রী সখীপুর উপজেলার কালিয়ান গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আশরাফুল ইসলামসহ তিনজনকে আসামি করে সখীপুর থানায় অপহরণ মামলা করেন। গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে সখীপুর উপজেলার কালিয়ান গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আশরাফুল ইসলামকে সিলেটের জাফলং থেকে গ্রেফতার করে সখীপুর থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে আশরাফুল অপহূত সাইফুলকে হত্যা করে লাশ গুম করার কথা স্বীকার করে। সাতক্ষীরায় টাকাসহ এক ব্যক্তি অপহূত সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরার তালায় অস্ত্রের মুখে ৩০ হাজার টাকাসহ ইমান আলী শেখ নামে এক ব্যক্তিকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার বিকাল ৩টার দিকে জমি বিক্রি করতে গেলে তালার ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। অপহূত ইমান আলী তালা উপজেলার কুমিরা ইউনিয়নের মফেজ শেখের ছেলে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, বিষয়টি শুনে তিনি সেখানে তদন্ত কর্মকর্তা পাঠিয়েছেন। কাপাসিয়ায় অপহরণের ৭ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা জানান, গাজীপুরের কাপাসিয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে (১০) অপহরণের সাত দিন পর গত রবিবার গভীর রাতে পুলিশ তাকে উদ্ধার করেছে। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাসেল (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহ্সান উল্লাহ্ বলেন, অপহরণের ঘটনায় রাসেলসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। অন্য দুইজনকে ধরতে পুলিশের অভিযান চলছে। বরিশালে অপহূত কলেজ ছাত্রী উদ্ধার বরিশাল অফিস জানায়, বরিশালের আগৈলঝাড়ায় এক কলেজ ছাত্রী অপহরণের ৫ দিন পর উদ্ধার হয়েছে। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিল ওই মেয়ে। গত ৭ মে কলেজে আসার পথে বাকাল গ্রামের বীরেন চৌধুরীর ছেলে ও একই কলেজের ছাত্র বিপ্লব চৌধুরী তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে ওই ছাত্রীর বাবা গত রবিবার রাতে ৫ জনকে আসামি করে মামলা করেন। বিপ্লবের দুলাভাই রমেন বাড়ৈকে পুলিশ গ্রেফতার করেছে।