কবি সুকান্ত ভট্টাচার্যের ৬৭তম মৃত্যুবার্ষিকী আজ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১২ মে ২০১৪, ২৩:০৭
কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ৬৭তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৪৭ সালের এই দিনে কলকাতার যাদবপুরে ১১৯, লাউডন স্ট্রিটের রেড এ্যান্ড কিওর হোমে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মাত্র ২১ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। এ উপলক্ষে কবির পৈত্রিক ভিটা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবি সুকান্ত স্মৃতি সংসদ, কবি সুকান্ত সেবা সংঘ ও কোটালীপাড়া উদীচী শিল্পী গোষ্ঠী যৌথভাবে তার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৭টায় কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বিকাল ৪টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ৫৯ বছর বেদখল থাকার পরে ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর কবির পৈত্রিক ভিটা দখলমুক্ত হয়। বর্তমানে সেখানে কবির নামে সরকারিভাবে একটি অডিটরিয়াম নির্মাণ করা হয়েছে। তবে প্রতি বছর সরকারিভাবে কবির জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের দাবি জানিয়েছেন কবি সুকান্ত স্মৃতি সংসদের সভাপতি আয়নাল হোসেন শেখ। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল—কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।