অর্থ আত্মসাত্ মামলা
উপ-সচিবসহ তিন জন জেলহাজতে
প্রকাশ : ১২ মে ২০১৪, ২৩:০৮
দুদকের অর্থ আত্মসাতের মামলায় জামিন নামঞ্জুর হওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আলাউল হক, অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব মো. আবদুল মান্নান ও পটুয়াখালী সিভিল সার্জন অফিসের সাবেক হিসাবরক্ষক খান মো. আবদুল আউয়ালকে জেল হাজতে পাঠানো হয়েছে। গতকাল সোমবার পটুয়াখালী সিনিয়র স্পেশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ বিমল চন্দ্র শিকদার তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, পটুয়াখালীর সাবেক সিভিল সার্জন সোহরাব হোসেন আসামিদের যোগসাজসে লাভবান হওয়ার অসত্ উদ্দেশে ক্ষমতা অপব্যবহার করে ১৯৯৬-৯৭ অর্থ বছরে টেন্ডারের মাধ্যমে ২৫ লাখ ৩৪ হাজার ৮৪১ টাকার যন্ত্রাংশ ও মালামাল ৬৪ লাখ ৯৯ হাজার ৯৫৯ টাকায় ক্রয় দেখিয়ে ৩৯ লাখ ৬৫ হাজার ১১৮ টাকা আত্মসাত্ করেন। ২০০০ সালের ২৪ ফেব্রুয়ারি তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো তাদের বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে ওই চারজনসহ সাতজনের বিরুদ্ধে ২০১৩ সালের ২৯ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।