প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আসন্ন অর্থবছরে দেশের বাজেটের আকার সর্ম্পকে বলেছেন, এবারের বাজেট হবে ৫ লক্ষ কোটি টাকার উপরে। আগামী ১৩ জুন জাতীয় সংসদে এই বাজেট প্রস্তাব তুলে ধরা হবে। বাংলাদেশের উন্নয়ন সমগ্র দেশব্যাপী করার জন্যই বছর বছর বাজেট বৃদ্ধি পাচ্ছে। গতকাল শনিবার বিকালে গণভবনে রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতারের আগে এক সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইফতার মাহফিলকে কেন্দ্র করে গণভবনে রাজনীতিকদের মিলন মেলা বসেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ইফতার মাহফিলে শামিল হয়ে নেতারা মেতেছিলেন খোশগল্পে। তাঁদের ব্যক্তিগত আলোচনায় যেমন স্থান পেয়েছে দেশের সর্বশেষ রাজনীতি, তেমনি কুশল বিনিময়ে ব্যস্ত ছিলেন অনেকে।
ইফতার মাহফিলে যারা যোগ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেসব দলের সঙ্গে নির্বাচনের আগে আমরা সংলাপ করেছিলাম, তাদের সকলকে দাওয়াত দিয়েছি ইফতারে। অনেকের প্রতিনিধি এখানে এসেছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, এদেশের একটি মানুষও গৃহহারা থাকবে না, কেউ বিনা চিকিত্সায় মারা যাবে না। ইনশাআল্লাহ বাংলাদশকে আমরা দারিদ্র্যমুক্ত করবো।
প্রধানমন্ত্রীর সঙ্গে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বেগম মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মেসবাউর রহমান প্রমুখসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।