মিডিয়ার কারণেই মোদী এত আসকারা পেয়েছেন:মমতা
প্রকাশ : ১২ মে ২০১৪, ২৩:১৪
লোকসভা নির্বাচন চলাকালীন সংবাদমাধ্যমের বিতর্কিত ভূমিকা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জি। গতকাল সোমবার শেষ দফা নির্বাচনের দিন তিনি ভারতের গণমাধ্যমকে কাঠগড়ায় টেনে আনেন। মিডিয়ার কারণেই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী এত ‘আসকারা’ পেয়েছেন বলে মমতা মনে করছেন। গণমাধ্যমে বাড়াবাড়ি রকম প্রচারণাই মোদীকে জয়ের ব্যাপারে এত আত্মবিশ্বাসী হতে সাহস যুগিয়েছে। একারণে তিনি নির্বাচনী প্রচারণার সময় কাউকে পরোয়া না করে যা খুশি তাই করে গেছেন এবং যা খুশি বলে গেছেন।
মমতা আরো বলেন, ‘লোকসভা নির্বাচন চলাকালীন সংবাদমাধ্যমের একটা বড় অংশের ভূমিকা ন্যাক্কারজনক ছিল। তাদের পক্ষপাতদুষ্ট সম্প্রচার সচেতন মানুষদের বিস্মিত করেছে। কোনও সন্দেহ নেই এর পিছনে কিছু রাজনৈতিক দলের অর্থ রয়েছে। দলগুলি তাদের গণতন্ত্র বিরোধী ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য সংবাদমাধ্যমকে ব্যবহার করছে। সাধারণ মানুষের কণ্ঠ রোধ করা হচ্ছে।’