বাড্ডায় রিকশা চালককে পিটিয়ে হত্যা
প্রকাশ : ১২ মে ২০১৪, ২৩:১৪
রাজধানীর বাড্ডায় কুড়িল বিশ্বরোড কোরাতলী রিকশা গ্যারেজে সোমবার দুপুরে এক রিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত হালিম (৩৩) চুয়াডাঙ্গার দুমুরহুদা উপজেলার জয়নগর গ্রামের মৃত আফসার আলীর ছেলে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন গ্যারেজ মালিক সিকদারের ছেলে রানা সিকদার হালিমকে পিটিয়ে হত্যা করেছে।
ভাটারা থানা পুলিশ জানিয়েছে, গত রবিবার রাতে রিকশা চালক হালিমের সঙ্গে গ্যারেজ মালিক সিকদারের ছেলে রানা সিকদারের সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রানা হালিমকে বেদম মারধর করে। গুরুতর আহত হালিম গতকাল দুপুরে মারা যান। পরে খবর পেয়ে ভাটারা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।