নারায়ণগঞ্জে গার্মেন্ট কর্মকর্তা নিখোঁজ
প্রকাশ : ১২ মে ২০১৪, ২৩:১৫
এবার জেলার সদর উপজেলা ফতুল্লায় অলিউল্লাহ (৩২) নামে এক গার্মেন্ট কর্মকর্তার নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তিনি গত রবিবার বিকালে ঢাকায় তার চাচার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এ ঘটনায় অলিউল্লাহর স্ত্রী লাইজু বাদী হয়ে গতকাল সোমবার ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন। ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
অলিউল্লাহ ফতুল্লা শাহীবাজার এলাকার সালাম হাওলাদারের ছেলে। তিনি ওসমান গ্রুপের প্রতিষ্ঠান রাসেল গার্মেন্টে সুপারভাইজার হিসাবে কর্মরত আছেন। নিখোঁজ অলিউল্লাহর স্ত্রী লাইজু জানান, অলিউল্লাহ গত রবিবার তার চাচার বাড়ি ঢাকা ম্যাচ এলাকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ব্যবহূত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।